
নিউজ ডেস্কঃ প্রতি মাসে শুধু রাজধানীতেই নিখোঁজের জিডি (সাধারণ ডায়েরি) হচ্ছে ৪৯৮টি। এত নিখোঁজ মানুষ যায় কোথায়, কত জনই বা ফিরে আসে এমন কোনো তথ্য নেই পুলিশের কাছে।নিখোঁজের তালিকায় শিশু থেকে বৃদ্ধ—সব বয়সি মানুষই আছে। পুলিশের তথ্য অনুযায়ী, ২০২২ সালে রাজধানীতে নিখোঁজসংক্রান্ত জিডি হয়েছে ৫ হাজার ৯৮৪টি। অর্থাত্, প্রতি মাসে গড়ে ৪৯৮টি নিখোঁজের জিডি হয়েছে। প্রতিটি নিখোঁজের ঘটনায় একটি করে জিডি হয়েছে। অর্থাত্, গেল বছর শুধু রাজধানী থেকেই নিখোঁজ হয়েছে প্রায় ৬ হাজার মানুষ। এর মধ্যে কত জন ফিরে এসেছে, সেই তথ্য নেই।
বিশ্লেষকেরা বলছেন, নানা কারণে মানুষ নিখোঁজ হয়। অনেক তরুণ আবার স্বেচ্ছায় ঘর ছাড়ছে। অনেকে জঙ্গিবাদে জড়াচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে কাউকে কাউকে তুলে নেওয়ার অভিযোগও আছে। অনেকে ফিরে আসে। আবার অনেকের লাশ পাওয়া যায় বেওয়ারিশ হিসেবে। কিন্তু এসবের কোনো তথ্যই কারো কাছে নেই।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, নিখোঁজ ব্যক্তির ফিরে আসার পরিসংখ্যান করা বেশ কঠিন। কারণ কম বয়সি ছেলেমেয়ে যারা প্রেম করে চলে যায়, পরিবার জিডি করে। কিন্তু পরে যখন ফিরে আসে, সব স্বাভাবিক হয়, তখন থানায় তা আর জানায় না। অভিমান করে বা নানা কারণে বাড়ি থেকে অনেকে চলে যায়, পরে ফিরে এলে তা জানায় না। এছাড়া রাজধানীতে গৃহকর্মী, গাড়িচালক, নিরাপত্তাকর্মীরা না জানিয়ে চলে গেলে থানায় জিডি হয়। এরপর তারা চলে এলে বা খোঁজ পাওয়া গেলেও অনেকেই সে বিষয়ে পুলিশকে জানায় না। ফলে নিখোঁজ এবং তাদের ফিরে আসার বিষয়ে সঠিক পরিসংখ্যান করা সম্ভব হয় না।