
নিউজ ডেস্কঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার রোধে নির্বাচন কমিশনকে (ইসি) সহায়তা করবে মেটা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ফেসবুক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয় ইসির। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
তিনি বলেন, ‘ফেসবুকের একটা টিমের সঙ্গে আমরা বসেছিলাম। উনারা প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গেও বসেছিলেন। ফেসবুকে অপপ্রচার কীভাবে রোধ করা যায় সে বিষয়ে বৈঠক ছিল। বিশেষ করে হেট স্পিচ, ভায়োলেশন যেগুলো হয়, সে ধরনের কোনো প্রচারণা থাকলে সেগুলো তারা ডিলিট, রিমুভ করবে। ওখান থেকে তারা ব্লক করবে। কোনো ধরনের অপপ্রচার-সাম্প্রদায়িকতা, ঘৃণ্য কিছু– এ ধরনের অপপ্রচার তারা ব্লক করবে।’
জানা যায়, ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটার বাংলাদেশ বিষয়ক হেড অব পাবলিক পলিসি রুজান সারওয়ার সিঙ্গাপুর থেকে বাংলাদেশে এসে বৈঠক করেন। বৈঠকে সংস্থাটির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন এইডান হেই এবং এজিনেন ফো। বৈঠকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, আইডিইএ প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম এবং এনআইডি সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন উপস্থিত ছিলেন।