News71.com
 Bangladesh
 03 Aug 23, 01:49 AM
 187           
 0
 03 Aug 23, 01:49 AM

ঝড়ের কবলে পড়ে সাত ট্রলারডুবি॥ ৬৭ জেলে উদ্ধার, নিখোঁজ ৬

ঝড়ের কবলে পড়ে সাত ট্রলারডুবি॥ ৬৭ জেলে উদ্ধার, নিখোঁজ ৬

নিউজ ডেস্কঃ ভোলার মেঘনা ও বঙ্গোপসাগর  মোহনায় ঝড়ের কবলে পড়ে সাত জেলে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৬৭ জেলে জীবিত উদ্ধার হলেও এখনো ৬ জেলে নিখোঁজ রয়েছে। মঙ্গলবার (১ আগষ্ট) বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ঝড়ের কবলে পড়ে এ ঘটনা ঘটে।

সাত ট্রলারের মধ্যে বঙ্গোপসাগরে ৩টি, সাগরের মোহনায় ২টি, দৌলতখানের মেঘনায় ১টি ও সদর উপজেলার তুলাতলি মেঘনা নদীর মাঝের চর সংলগ্নে একটিসহ মোট ৭ জেলে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ট্রলারডুবির মধ্যে ৬টি বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে ডুবেছে। অপর একটি ডুবেছে কার্গো জাহাজের ধাক্কায়। মনপুরা থানার ওসি জহিরুল ইসলাম কামরুল ও ইলিশা নৌ-থানার পুলিশ পরিদর্শক মো. আখতারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

জানা গেছে, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে মনপুরা থানা এলাকার মৎস্য ব্যবসায়ীদের মাছ ধরার পাঁচটি ট্রলার মঙ্গলবার দুপুরের দিকে বঙ্গোপসাগর ও বঙ্গোপসাগরের মোহনায় ডুবে যায়। এরমধ্যে একটি মনপুরা উপজেলার হাজির হাট এলাকার মাইনুদ্দিন মাঝির, একটি হাজির হাট এলাকার ৬ নম্বর ওয়ার্ডের হাফেজ মাঝির, একটি উত্তর সাকুচিয়া ইউনিয়নের জসিম মাঝির, একটি দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ইউনুস বলির ও অপরটি ১ নম্বর মনপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদারের।

 

মনপুরা থানার ওসি মো. কামরুল ইসলাম জহির  জানান, মনপুরার জেলেদের ৫ ট্রলার ডুবির ঘটনায় ৬৭ জেলে জীবিত উদ্ধার হলেও এখনো আলাউদ্দিন চেয়ারম্যানের ট্রলারের ৬ জেলে নিখোঁজ রয়েছে। তাদেরকে সাগরে খোঁজা হচ্ছে। ইলিশা নৌ-থানার পুলিশ পরিদর্শক মো. আখতারুজ্জামান জানান, মেঘনায় দুইটি জেলে ট্রলারডুবির ঘটনা তিনি শুনেছেন। তবে এ ঘটনায় কোনো নিখোঁজ নেই। এদিকে বৈরি আবহাওয়ার কারণে বিকাল থেকে ভোলা লক্ষীপুর রুটের ফেরি বন্ধ চলাচল বন্ধ রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন