
নিউজ ডেস্কঃ রাজধানীতে হতে যাওয়া আজকের সমাবেশ নিজেরাই স্থগিত করেছে জামায়াতে ইসলামী। আজকের পরিবর্তে আগামী ৪ আগস্ট শুক্রবার পূর্বঘোষিত জায়গাতেই সমাবেশ অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে তারা। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এ ঘোষণা দেন। পূর্বঘোষণা অনুযায়ী আজ বেলা ২টায় রাজধানীর বায়তুল মোকাররমে এই সমাবেশ করার কথা ছিল জামায়াতের। এ বিষয়ে তারা প্রশাসনকেও অবহিত করেন, কিন্তু সমাবেশ করতে কোন অনুমতি দেয়নি প্রশাসন।
সমাবেশের তারিখ পরিবর্তনের ঘোষণা দিয়ে নুরুল ইসলাম বুলবুল বলেন, সরকারের সাথে সংঘাত এড়াতেই সমাবেশের তারিখ পরিবর্তন করা হয়েছে। প্রশাসন এ বিষয়ে সার্বিক সহযোগিতা করবে বলে প্রত্যাশা করছি। তবে পুলিশ প্রশাসনের সংবিধান ও গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, ‘কোনো দলবিশেষ নয়, দেশের পক্ষে, জনগণের পক্ষে ভূমিকা পালনের জন্য আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে প্রশাসনকে স্মরণ করিয়ে দিতে চাই, কোনো দল চিরদিন ক্ষমতায় থাকবে না।’
সংবাদ সন্মেলনে বুলবুল আরও বলেন, ‘আমরা স্পষ্টভাবে বলতে চাই, রাজনৈতিক সভা, সমাবেশ করার জন্য পুলিশের অনুমতির প্রয়োজন নেই। সভা-সমাবেশ করা সংবিধান স্বীকৃত অধিকার। সংবিধান প্রদত্ত এই অধিকার নিশ্চিত করার দায়িত্ব সরকারের। আমরা আরও লক্ষ করছি, ক্ষমতাসীন আওয়ামী লীগসহ অন্যান্য রাজনৈতিক দল মিছিল, মিটিং ও সমাবেশ করে যাচ্ছে; কিন্তু সরকার জামায়াতে ইসলামীকে অন্যায়ভাবে সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করছে, যা আইনের শাসনের পরিপন্থী ও মৌলিক অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। বারবার সহযোগিতা চাওয়ার পরও সরকার সভা-সমাবেশ করতে দিচ্ছে না।’