
নিউজ ডেস্কঃ দেশে চলমান সংকট নিরসনে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সংলাপ প্রয়োজন বলে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মার্কিন দূতের সাথে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান সিইসি নিজেই। তিনি বলেন, ‘আমরা একটা জিনিস স্পষ্ট করে বলেছি, নির্বাচনের জন্য একটা অনুকূল পরিবেশ প্রয়োজন।
সিইসি বলেছেন, দেশে যে সংকট বিরাজ করছে, তা রাজনৈতিক। সেটার সঙ্গে আমার কর্মের কোনো সংঘাত নেই। এ সমস্যা যদি রাজনৈতিকভাবে সেটেল হয়ে যায়, তাহলে আমাদের জন্য নির্বাচন আয়োজন করা অনেক কম্ফোর্টেবল হবে, অনেক সহজ হবে। আমরা প্রত্যাশা করি, রাজনৈতিক পরিমণ্ডলে যে প্রকট কতগুলো বিষয় রয়েছে, সেগুলো যেকোনো মূল্যে সুরাহা হয়ে যাক। রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসুক। যেই স্থিতিশীল পরিবেশে আগামী নির্বাচন সহজ হতে পারে।’ সিইসি বলেন, ‘আমরা বলেছি, উনারাও বিশ্বাস করেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে আসলেই সংলাপ প্রয়োজন। সংলাপ ছাড়া সংকটগুলো রাজপথে মীমাংসা করার বিষয় নয়।
প্রধান নির্বাচন কমিশনার আরো বলেন, অক্টোবরে উনাদের (যুক্তরাষ্ট্র) প্রি অ্যাসেসমেন্ট টিম আসবে। উনারা আরপিও সংশোধনের বিষয়ে জানতে চেয়েছেন। উনিও দেখেছেন শুনেছেন আরপিও সংশোধনে আমাদের ক্ষমতা কমিয়ে ফেলা হয়েছে। আমরা উনার কাছে কীভাবে এটা বাড়ানো হয়েছে তা ব্যাখ্যা করেছি। উনি জানতে পেরেছেন, শুনেছেন, এখানকার মোর ভাইব্রেন্ট পলিটিক্যাল পার্টিকে নিবন্ধন দেওয়া হয়নি। যাদেরকে নিবন্ধন দেওয়া হয়েছে তারা ওইভাবে ভাইব্রেন্ট নয়।
মিডিয়া ও পর্যবেক্ষকদের ভূমিকা নিয়ে সিইসি বলেন, ‘আমরা উনাকে বলেছি, নির্বাচনে স্বচ্ছতার জন্য মিডিয়া ও পর্যবেক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সে প্রসঙ্গে উনি জানতে চেয়েছেন গণমাধ্যম কর্মীদের মোটরসাইকেল ব্যবহারের অনুমতি কী পাবে? এর জবাবে আমরা বলেছি, এ বিষয়টি আমাদের বিবেচনায় আছে। স্থানীয় পর্যায়ে রিটার্নিং কর্মকর্তাদের ওখানকার অবস্থা বিবেচনা করে মোটরসাইকেল অনুমতি দেবেন। আমরাও কেন্দ্রীয়ভাবে এ বিষয়টি পর্যালোচনা করে অবহিত করব।’