
নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সব থানায় আজ রোববার বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করবে আওয়ামী লীগ। পাশাপাশি সারা দেশের প্রতিটি থানায় দলটি বিক্ষোভ সমাবেশ করবে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই বিক্ষোভ সমাবেশ চলবে। গতকাল শনিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জরুরি এই সভায় আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেন।
সভায় আওয়ামী লীগ সাধারন সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির অগ্নি সন্ত্রাস আবার শুরু হয়ে গেছে এবং আওয়ামী লীগ তা প্রতিহত করবে। এসময় তিনি যেকোন ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি সামলাতে নির্বাচন পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দেন তিনি। বিএনপির নেতা কর্মীদের দেওয়া আগুনে তিশা পরিবহন, শ্রাবণ পরিবহন, ঈগল পরিবহন, স্বদেশ পরিবহনের বাস পুড়ে ছাই হয়ে গেছে বলেন তিনি। বিএনপির নেতা কর্মীরা সেখানে থাকা পুলিশ ভ্যানে হামলা করে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। বিএনপি বিভিন্ন প্রাইভেটকার, মোটরসাইকেল ভাঙচুর করেছে। রাস্তার পাশে থাকা অনেক গাড়িতে হামলা করেছে বলেন তিনি। ’