News71.com
 Bangladesh
 27 Jul 23, 12:27 PM
 150           
 0
 27 Jul 23, 12:27 PM

বিএনপির সাথে তালমিলিয়ে রাজধানীতে পেছালো আওয়ামী লীগের মহাসমাবেশ॥

বিএনপির সাথে তালমিলিয়ে রাজধানীতে পেছালো আওয়ামী লীগের মহাসমাবেশ॥

নিউজ ডেস্কঃ বিএনপির সাথে তালমিলিয়ে আওয়ামী লীগও তাদের মহাসমাবেশ এক দিন পিছিয়েছে। গতকাল বুধবার রাতে বিএনপির তরফে সমাবেশ পিছানোর খবর প্রচারিত হওয়ার পরপরই শোনা যায়, আওয়ামী লীগও তাদের সহযোগী তিনটি সংগঠনের সমাবেশ পিছিয়েছে।আগামীকাল শুক্রবার বিএনপির মহাসমাবেশের দিনেই আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম তিনটি সংগঠন সমাবেশ করবে। ‘তারুণ্যের জয়যাত্রা’ শীষর্ক এই সমাবেশ হবে রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলা মাঠে।

এর আগে গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত মহাসমাবেশের স্থান নিয়ে বিএনপির সঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ‘দর–কষাকষি’ হয়। এর মধ্যে আওয়ামী লীগও সমাবেশের কয়েকটি সম্ভাব্য স্থান নিয়ে গত রাত ৯টা পর্যন্ত নানা ধরনের তৎপরতা চালায়। রাত ৯টার দিকে প্রথমে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জানান, তাঁদের মহাসমাবেশ বৃহস্পতিবারের (আজ) পরিবর্তে শুক্রবার হবে। এর আধা ঘণ্টার মধ্যে আওয়ামী লীগও জানায়, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যৌথ সমাবেশটি হবে শুক্রবার, বেলা আড়াইটায়।

আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক সূত্র বলছে, বাংলাদেশের রাজনীতি ও আগামী নির্বাচনের বিষয়ে দৃষ্টি রাখছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব। এ জন্য বিএনপিকে মহাসমাবেশ করতে বাধা দিতে চাইছে না সরকার। কিন্তু মহাসমাবেশের অনুমতির ক্ষেত্রে কিছুটা জটিলতা সৃষ্টি করে, তাদের সমাবেশকে ছোট জায়গায় ঠেলে দেওয়া, এমনকি বড় জমায়েত যাতে না হয়, সেই কৌশল হাতছাড়া করতে চায় না সরকার। এর জন্য রাস্তায় বিএনপির মহাসমাবেশের সঙ্গে জনভোগান্তির বিষয়টি প্রথমে সামনে আনা হয়। যদিও বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন তারা সমাবেশের জন্য সরকারের কাছে কোন প্রকার অনুমতিই দরকারই মনে করেননি।

গতকাল দুপুরের পর পুলিশের পক্ষ থেকে প্রথমে বিএনপিকে জানানো হয়, নয়াপল্টনে মহাসমাবেশ করার অনুমতি তারা পাচ্ছে না। একইভাবে আওয়ামী লীগকেও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করতে বারণ করে পুলিশ। অবশ্য ততক্ষণে সেখানে মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে ছিল। বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করার অনুমতি না পেয়ে পুলিশের কাছে মৌখিকভাবে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার প্রস্তাব দেয় আওয়ামী লীগ। এর পর বিকল্প স্থান হিসেবে পুলিশের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের কথা বলা হয়।

আওয়ামী লীগের একজন দায়িত্বশীল নেতা নাম প্রকাশ না করার শর্তে সংবাদমাধ্যমে জানিয়েছেন, কোথায় সমাবেশ করবে—এটা বড় কোনো সমস্যা নয়। যেখানেই সমাবেশ করতে দেওয়া হোক, সেখানেই করতে পারবে। মূল বিষয় হচ্ছে বিএনপি কবে ও কোথায় মহাসমাবেশ করবে? তাঁর মতে, বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচন ভন্ডুল করার সর্বাত্মক প্রস্তুতির দিকে এগোচ্ছে। আর আওয়ামী লীগ নির্ধারিত সময়ের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে জাতীয় নির্বাচন করতে চায়। পাশাপাশি রাজপথের দখলও ধরে রাখবে আওয়ামী লীগ। ফলে বিএনপিকে কোনো রকম ছাড় দেওয়ার প্রশ্নই আসে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন