
নিউজ ডেস্কঃ শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে উচ্চশিক্ষায় গবেষণা ও সহশিক্ষা কার্যক্রম বাড়ানোর নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (২০ জুলাই) বঙ্গভবনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এসব কথা বলেন তিনি। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাক্ষাৎ শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।
দেশের সব বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিন বলেন, উচ্চশিক্ষার গুণগতমান নিশ্চিত করতে এবং নতুন নতুন জ্ঞান সৃষ্টি ও উদ্ভাবনে গবেষণার কোনো বিকল্প নেই। পাবনা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী যাতে জাতীয় ও আন্তর্জাতিক মানে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে সে লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পাঠক্রম নির্ধারণসহ সার্বিক কার্যক্রম গ্রহণের নির্দেশ দেন রাষ্ট্রপ্রধান।