
নিউজ ডেস্কঃ পুলিশের দায়িত্বশীল ভূমিকায় সন্ত্রাসী, চাঁদাবাজি, টেন্ডারবাজি কমে যাওয়ায় দেশে আইনশৃঙ্খলা পরিবেশ অনেকটা স্থিতিশীল বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। বৃহস্পতিবার (২০ জুলাই) বেলা ১১টায় রাজশাহী পুলিশ লাইনে মেট্রোপলিটন পুলিশের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি ও পুলিশের প্রতিটি সদস্য জীবন বাজি রেখে কাজ করায় দেশে আইনশৃঙ্খলায় স্থিতিশীল পরিবেশ বজায় রয়েছে।
পুলিশের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি পেয়েছে জানিয়ে আইজিপি বলেন, ‘আমাদের নিজস্ব স্যাটেলাইট আছে। অনেক তথ্য আছে যা আমরা সংশ্লিষ্ট সেন্টার থেকে সংগ্রহ করি। আমাদের প্রত্যেকটা ইউনিটে সাইবার মনিটরিং টিম আছে। তাদের যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আমরা ঢাকা থেকে সেই সহযোগিতা করছি। আরও বিকেন্দ্রীকরণ করার প্রয়োজন হলে তা করা হবে। প্রযুক্তিগত সক্ষমতার অন্যতম সিসিটিভি ক্যামেরা এখন প্রায় প্রতিটি জায়গাতেই আছে। এটি অপরাধ উদঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটিকে আরও সম্প্রসারণ করা প্রয়োজন। এজন্য আলাদা প্রকল্প গ্রহণ করা হবে।