
নিউজ ডেস্কঃ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, যারা পথঘাট বন্ধ করছেন, লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নামছেন, তারা দেশের বিপদ আরও বাড়াচ্ছেন। এসব কর্মকাণ্ড দেশের উন্নতি ও প্রবৃদ্ধির পথে বড় বাধা। বৃহস্পতিবার (২০ জুলাই) রাজধানীর একটি হোটেলে এক সেমিনারে এসব কথা বলেন তিনি। এম এ মান্নান বলেন, তরুণরা দেশের সম্পদ, জাতির সম্পদ; অথচ তারা রাস্তায় নেমে আন্দোলনের নামে মারামারি করে, বিশ্ববিদ্যালয়ে মারামারি করে। এটা দেশের ভবিষ্যতের জন্য মঙ্গলজনক নয়।
তরুণদের বিকশিত হওয়ার জন্য সব সুযোগ আছে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, সরকার তরুণদের সব ধরনের সুযোগ-সুবিধা দিচ্ছে। তারা যাতে উদ্যোক্তা হতে পারে, নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে পারে, সে লক্ষ্যে সরকার সব ব্যবস্থা করছে। প্রত্যন্ত অঞ্চলের মানুষ উন্নয়ন বলতে বোঝে সুপেয় পানি, নিরাপদ খাদ্য ও সুন্দর জীবন। তারা গণতন্ত্র বা মানবাধিকারের মতো কঠিন ব্যাপার বোঝে না বলেও এ সময় উল্লেখ করেন পরিকল্পনামন্ত্রী।