
নিউজ ডেস্কঃ শুধু শহর নয়, সব নাগরিক সুবিধা গ্রাম পর্যন্ত পৌঁছে দিতে ওয়াসা ও স্থানীয় সরকার মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, পর্যায়ক্রমে প্রতিটি বিভাগ, জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে পানি শোধনাগার এবং পয়ঃশোধনাগার তৈরি করতে হবে। কোনো গ্রাম আর গ্রাম থাকবে না। সবাই সব নাগরিক সুবিধা পাবে। বৃহস্পতিবার (১৩ জুলাই) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ভিডিও কনফারেন্সে রাজধানীর আফতাবনগর এলাকায় দৈনিক ৫০ কোটি লিটার শোধন ক্ষমতাসম্পন্ন পরিবেশবান্ধব দাশেরকান্দি পয়ঃশোধনাগার কেন্দ্র (এসটিপি) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
দেশে এটাই প্রথম এ ধরনের প্ল্যান্ট এবং এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম একক পয়ঃশোধনাগার কেন্দ্র। শেখ হাসিনা বলেন, ‘২০০৫-’০৬ অর্থবছরে বিএনপির সময়ে ঢাকার ৬০ ভাগ মানুষ সুপেয় পানি পেত। তখন ঢাকার জনসংখ্যা ছিল ১ কোটি ২০ লাখের মতো। ১৯৯৬ সালে ক্ষমতায় এসে আমরা সায়েদাবাদ ওয়াটার প্ল্যান্ট করে দিয়েছিলাম। কিছু গভীর নলকূপ বসিয়েছিলাম বলেই মানুষ সুপেয় পানি পেত।’