
নিউজ ডেস্কঃ ঢাকায় সফররত মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়া বলেছেন, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র প্রত্যক্ষ হস্তক্ষেপ করবে না। বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সাথে সাক্ষাত শেষে তিনি বলেন, প্রধানমন্ত্রীসহ সরকারের মন্ত্রীরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে জোরালো প্রতিশ্রুতি দিয়েছেন। যুক্তরাষ্ট্র সব সময় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনকে সমর্থন করে। তবে সংলাপের বিষয়ে বলব, এ বিষয়ে আমাদের প্রত্যক্ষ কোনো হস্তক্ষেপ থাকে না।
তিনি বলেন, বুধবার দুই রাজনৈতিক দল যে সমাবেশ করেছে সেটা আমরা পর্যবেক্ষণ করেছি এবং সেখানে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। এটা একটা ভালো অনুশীলন। আমরা এটার পুনরাবৃত্তি দেখতে চাই। বাংলাদেশে কখন নির্বাচন হবে সেটা বাংলাদেশই সিদ্ধান্ত নেবে, বলেন তিনি। গত ৫ দশক ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চমৎকার সম্পর্কের কথা উল্লেখ করে উজরা জেয়া বলেন,
আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে দুই দেশের চমৎকার সম্পর্ক নিয়ে কথা বলেছি। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায়। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সবসময় বাংলাদেশের মানুষের গণতন্ত্রে সমর্থন করে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ওপর নির্ভর করছে একটি সমৃদ্ধশালী দেশের ভবিষ্যত। নির্বাচনে বাংলাদেশের জনগণের অবাধ অংশগ্রহণের ওপর সেটা নির্ভর করছে।