
নিউজ ডেস্কঃ কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ২০১১ সাল থেকে প্রতিদিনই সমাবেশ করছে বিএনপি। এখন তাদের পায়ের নিচে মাটি নাই। ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত তারা ক্ষমতায় থেকে নিজেদের কবর নিজেরাই খুঁড়েছে। যতই সমাবেশ করুক না কেন, তারা কবর থেকে উঠতে পারবে না। আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন সময়ে দেশে অরাজকতা হয়নি। বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কেন্দুয়ায় একটি আমবাগান পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, ২০০৮ সালের নির্বাচন দেশের সবচেয়ে স্বচ্ছ, অবাধ, সুষ্ঠ নির্বাচন হয়েছে। সেটাও বিএনপি মানেনি। সেদিন থেকেই আন্দোলন শুরু করেছে। ২০১৪ সাল থেকে বাড়িতে আগুন দিয়েছে, মানুষ হত্যা করেছে, ১৫ সালে ৩০০ মানুষ পুড়িয়ে হত্যা করেছে। পাক বাহিনীর চেয়েও বর্বর, নির্মম, নিষ্ঠুর বিএনপির সন্ত্রাসী কার্যক্রম। এখন তারা ক্ষেত্র প্রস্তুত করেছে নিরপেক্ষ নির্বাচনের। বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন হবে, তবে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে। আন্দোলন করে কেউ কোনদিন সফল হয়নি, যদি জনগণ পাশে না থাকে।