
নিউজ ডেস্কঃ উদীয়মান পাঁচটি অর্থনীতির দেশের ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও সাউথ আফ্রিকার সমন্বয়ে গঠিত জোট ব্রিকস। চলতি বছরের আগস্ট মাসে দক্ষিণ আফ্রিকার জোহানেন্সবার্গে ব্রিকস জোটের সম্মেলনে পর্যবেক্ষক হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছে।রোববার (৯ জুলাই) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।বৈঠকে বলা হয়, জুন মাসে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) সম্মেলনে যোগদানকালে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হয়। ওই বৈঠকে প্রধানমন্ত্রীকে ব্রিকস-এর সম্মেলনে যোগ দেয়ার আমন্ত্রণ জানানো হয়। বাংলাদেশসহ ৮টি দেশকে ওই সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানানো হয়েছে।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মুহম্মদ ফারুক খান বলেন, ‘জেনেভায় সফরের সময় প্রধানমন্ত্রীকে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি ব্রিকস-এর জোহানেন্সবার্গের সম্মেলনে আমন্ত্রণ করেছেন। ইতোমধ্যে আমরা আমন্ত্রণপত্র পেয়েছি। আজকের বৈঠকে তা নিশ্চিত হয়েছি।’