
নিউজ ডেস্কঃ প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, যে যতটুকু অপরাধ করবে তার ঠিক ততটুকু শাস্তি পেতে হবে। তা যদি আমরা নিশ্চিত করতে না পারি তাহলে আইনের শাসন, গণতন্ত্র কিছুই প্রতিষ্ঠা করা যাবে না। আসুন সবাই একসঙ্গে চেষ্টা করি, যাতে করে এই দেশে আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠা পায়। আর এর ভিত্তি হলো জুডিশিয়ালিকে শক্তিশালী করা।বুধবার (৫ জুলাই) বিকেলে মুন্সীগঞ্জ আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য ‘ন্যায়কুঞ্জ’র ভিত্তিপ্রস্তরের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগকে শক্তিশালী রাখতে হবে। বিচার ব্যবস্থা ফেইল করলে গণতন্ত্র ফেইল করবে, আর গণতন্ত্র ফেইল করলে রাষ্ট্র ফেইল করবে। অতএব এটা আমরা হতে দিতে পারি না। আমরা সর্বাত্মক চেষ্টা করবো। বিচারকরাও প্রচণ্ড পরিশ্রম করেন, তাদেরকে আরও উৎসাহ দিয়ে যাচ্ছি যাতে জাজমেন্টের মান বহাল রেখে মামলা নিষ্পত্তির হার বাড়ে। সে জন্য আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। আমার মনে হয় আমরা পারবো।
তিনি বলেন, আমাদের জীবনে ১৯৭১ এসেছিল। ‘৭১ আমরা একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি। এখন আমাদের ১৭ কোটি মানুষের দায়িত্ব এই রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়া। আসেন আমরা কঠোর পরিশ্রম করি। কঠোর পরিশ্রমের মাধ্যমে এই শতাব্দীকে বাঙালি জাতির সমৃদ্ধির শতাব্দী হিসেবে পরিবর্তন করি। এজন্য আমাদের রাষ্ট্রের যে সংগঠনগুলো আছে, অর্গানগুলো আছে তার সঙ্গে তাল মিলিয়ে জুডিশিয়াল কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে হবে। যাতে বিচারপ্রার্থীদের আদালতের বারান্দায় এসে হয়রানির শিকার না হতে হয়।