
নিউজ ডেস্কঃ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমাদ নাওয়াফ আল-আহমাদ আল-সাবাহ। বুধবার (৫ জুলাই) তারা এই আলাপ করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।আলোচনার শুরুতে কুয়েতের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মাধ্যমে বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে শুভেচ্ছা জানান। দুই নেতা দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এবং দুই বন্ধুপ্রতীম দেশের মধ্যে সম্পর্ক সময়ের সঙ্গে আরও গভীর হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। কুয়েতের প্রধানমন্ত্রী টেলিফোন করায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তাকে ধন্যবাদ জানান। একইসঙ্গে তিনি তার মাধ্যমে কুয়েতের ভ্রাতৃপ্রতিম জনগণকে ঈদুল আযহার শুভেচ্ছা জানান।