
নিউজ ডেস্কঃ বিরোধী দলের বিরোধিতার কারণে নির্বাচন কমিশন (ইসি) জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) থেকে সরে এসেছে বলে দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার (৪ জুলাই) সংসদে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপি) সংশোধনী বিল পাসের ওপর আলোচনায় অংশ নিয়ে এ দাবি করেন তিনি। আইনমন্ত্রী বলেন, একটি সংসদীয় আসনে ১০০/১৪০টি পোলিং সেন্টার থাকে। সেখানে বলা ছিল ৩/৪টি পোলিং সেন্টারে কোনো সহিংসতা বা অনিয়ম হলে সবগুলো পোলিং সেন্টারের ইলেকশন বন্ধ করে দিতে পারবে। কিন্তু সেটা গণতন্ত্রের পরিপন্থি। জনগণের ভোটাধিকারেরও পরিপন্থি। কারণ বাকিগুলোতে তো কোনো সহিংসতা বা অনিয়ম হয়নি। কেবল এই তিনটায় হয়েছে। এজন্য বলা হয়েছে, যেখানে সহিংসতা বা অনিয়ম হয়েছে সেগুলো বন্ধ হবে। বুঝতে পারছি না কেন উনারা (বিরোধী দল) বলছেন, নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব করা হয়েছে। উনাদের এই কথাটা অমূলক।
প্রধানমন্ত্রী শেখ হসিনার সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে জনগণকে যে অঙ্গীকার দিয়েছেন তা পালন করার জন্য সরকার সচেষ্ট উল্লেখ করে মন্ত্রী বলেন, একজন বলেছেন দলীয় সরকারের অধীনে নির্বাচন হলেই অন্যরকম। এটা আমি সাহসের সঙ্গে বলতে পারি- আওয়ামী লীগ সরকারের অধীনে যত নির্বাচন হয়েছে, সবগুলোই সুষ্ঠু নির্বাচন হয়েছে। সংসদ নির্বাচন, সিটি করপোরেশন নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন-সব নির্বাচনই সুষ্ঠু হয়েছে।