
নিউজ ডেস্কঃ ১০৩তম বর্ষে পদার্পণ করল দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সকালে বর্ণাঢ্য র্যালি হয়। পরে জাতীয় সংগীত, পতাকা উত্তোলন ও কেক কেটে উদযাপন করা হয় বিশ্ববিদ্যালয় দিবস। এতে অংশ নেন শিক্ষার্থী, শিক্ষক, অ্যালামনাই সদস্য ও কর্মকর্তা-কর্মচারীরা।উদ্বোধনী বক্তব্যে উপাচার্য ড. মো. আখতারুজ্জামান স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়ের জোরালো ভূমিকার প্রত্যয় ব্যক্ত করেন। জাতির অর্থনৈতিক উন্নয়নে শিক্ষার্থীদের অতীতের মতোই ভূমিকা রাখতে আহবান জানান তিনি। পরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান।
১৯২১ সালের ১ জুলাই ৩ অনুষদ, ১২ বিভাগ, ৬০ জন শিক্ষক, ৮৪৭ শিক্ষার্থী এবং ৩টি আবাসিক হল নিয়ে এ বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল। বর্তমানে ১৩ অনুষদ, ৮৪ বিভাগ, ১৩ ইনস্টিটিউট, প্রায় ২০০০ শিক্ষক, ৩৭ হাজার শিক্ষার্থী এবং ১৯টি আবাসিক হল ও ৪টি হোস্টেল নিয়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষাকার্যক্রম পরিচালিত হচ্ছে।১৯৫২ সালে ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ এবং এর পরবর্তী সব আন্দোলন ও সংগ্রামে এই বিশ্ববিদ্যালয়ের রয়েছে গৌরবময় ভূমিকা। এখনও সারা দেশের সুস্থ চিন্তা বিকাশের, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ-প্রতিরোধের কেন্দ্র এই বিশ্ববিদ্যালয়।