
নিউজ ডেস্কঃ বাংলাদেশের মানুষ ভালো থাকুক, এটা বিএনপি চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (৩০ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি ঈদ উদযাপন নিয়ে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের সমালোচনা করেন। বৃহস্পতিবার (২৯ জুন) মির্জা ফখরুল বলেছিলেন, ‘এবারের ঈদ সাধারণ মানুষের জন্য আনন্দের বার্তা নিয়ে আসেনি’।
প্রতিক্রিয়ায় দেশের জনগণ আনন্দে থাকলে বিএনপি নেতাদের গাত্রদাহ হয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, জনগণ আনন্দে থাকুক, নিরাপদে থাকুক সেটা তারা চায় না। জনগণ কষ্টে থাকুক, আর তারা জনগণের দুর্ভোগ নিয়ে রাজনীতি করবে, এটাই বিএনপি নেতাদের বাসনা। বিএনপি যেনতেন প্রকারে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে এতটাই মরিয়া যে, তারা দেশের কিংবা দেশের জনগণের কোনো কল্যাণ চিন্তা করতে পারে না।