
নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার। ওয়াশিংটন বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাসী বলেও জানিয়েছেন তিনি। সোমবার (২৬ জুন) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য বিকৃত করে উপস্থাপন করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব মুশফিক ফজল আনসারী। সেন্টমার্টিন দ্বীপ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিকৃতভাবে তুলে ধরেন তিনি।
ফজল বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীর অভিযোগ, যুক্তরাষ্ট্র সেন্টমার্টিন দ্বীপ দখল করতে চায়। যদিও সাম্প্রতিক ওই সংবাদ সম্মেলনে কোনো দেশের নাম উল্লেখ করেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’ এর জবাবে মিলার বলেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাসী। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও জোরদার করতে চায়।’