
নিউজ ডেস্কঃ ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট হবে ব্যালটে। এতে কোনো ধরনের অনিয়ম চোখে পড়লে প্রয়োজনে ভোট বন্ধ করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। মঙ্গলবার (২৭ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। মতবিনিময় সভায় আটজন প্রার্থীর মধ্যে উপস্থিত ছিলেন না আওয়ামী লীগের প্রার্থী মো. এ আরাফাত। তার প্রতিনিধিও ঘণ্টাখানেক পরে আসায় ক্ষুব্ধ হন সিইসি।
এ সময় কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনেও নৌকার প্রার্থী না আসার উদাহরণ টানেন প্রধান নির্বাচন কমিশনার। মতবিনিময় সভায় সিইসিসহ নির্বাচন কমিশনাররা শোনেন নির্বাচন নিয়ে প্রার্থীদের প্রত্যাশা, অভিযোগ আর পরামর্শের কথা। প্রার্থীদের কথা শোনার পর সিইসি জানান, যেহেতু আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ ইভিএমে হবে না, তাই এর ব্যবহার উপনির্বাচনেও হচ্ছে না। ভোট হবে ব্যালটে। সবাইকে আইন মেনে প্রচারে অংশ নিতে আহ্বান জানান তিনি।