
নিউজ ডেস্কঃ সফলভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন শেষে এবারই প্রথম নিজ জন্মভূমি কিশোরগঞ্জের কামালপুরে গেছেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ সময় শত শত নৌকা নিয়ে তাকে স্বাগত জানিয়েছেন হাওড়বাসী। সোমবার (২৬ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নৌকায় মিঠামইনের কামালপুরে পৌঁছান আবদুল হামিদ।
বাড়ির ঘাটে নেমে অপেক্ষমান লোকজনের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের আবদুল হামিদ আপনাদের মধ্যে ফিরে এসেছে। আপনারা আমাকে যা দিয়েছেন আমি সবার প্রতি কৃতজ্ঞ। আজকেও আপনারা শত শত নৌকা নিয়ে আমাকে স্বাগত জানিয়েছেন। এখন আমি নিয়মিত বাড়িতে আসব; আপনাদের সঙ্গে দেখা হবে, মতবিনিময় হবে। আমার আর কোনোকিছুই চাওয়া-পাওয়ার নেই। এখন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।’ এর আগে বেলা আড়াইটার দিকে কিশোরগঞ্জের খরমপট্টি বাসভবন থেকে সড়কপথে রওনা দেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বাসা থেকে বের হওয়ার পর তাকে স্বাগত জানাতে রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ফুল নিয়ে অপেক্ষা করতে দেখা গেছে।