
নিউজ ডেস্কঃ শান্তিরক্ষী মিশনে নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করার তাগিদ দিয়েছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ফর পিস অপারেশনস জঁ পিয়েরে ল্যাক্রোইক্স। সোমবার (২৬ জুন) ঢাকার একটি পাঁচতারকা হোটেলে ‘ইউএন পিসকিপিং মিনিস্টিরিয়াল প্রিপারেটরি মিটিং অন উইমেন ইন পিসকিপিং’ কর্মসূচির সর্বশেষ অধিবেশনে দেয়া বক্তৃতায় তিনি এমন তাগিদ দিয়েছেন। জঁ পিয়েরে ল্যাক্রোইক্স বলেন, গেল ৭৫ বছর ধরে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে। ভবিষ্যতের জন্যও যে এই মিশন গুরুত্বপূর্ণ, এখন তা আমাদের নিশ্চিত করতে হবে। শান্তিরক্ষী মিশনে নারীদের অর্থবহ ও সমান অংশগ্রহণ নিশ্চিতে প্রতিবন্ধকতা দূর করতে হবে।
‘নিরাপদ, সুষ্ঠু ও মর্যাদাপূর্ণ পরিবেশে সম্ভাব্য সব পর্যায়ে নারীদের নিয়োগ নিশ্চিত করতে হবে। এ জন্য শান্তিরক্ষী মিশনসহ প্রয়োজনীয় সব জায়গায় উল্লেখযোগ্য পরিবর্তন আনতে হবে। নিয়োগ, প্রশিক্ষণ, পদোন্নতি ও ক্যারিয়ার উন্নয়নে নারীদের সমান সুযোগ দিতে হবে। ইউনিফর্ম জেন্ডার প্যারিটি টার্গেটের প্রতি নিজেদের অঙ্গীকার নবায়ন করতে হবে,’ যোগ করেন তিনি।