
নিউজ ডেস্কঃ ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে দলমত নির্বিশেষে সবাইকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত। সোমবার (২৬ জুন) প্রতীক বরাদ্দের পর রাজধানীর ভাষানটেকে নির্বাচনি প্রচারণা চালানোর সময় তিনি এ আহ্বান জানান। অধ্যাপক আরাফাত বলেন, আমাকে ভোট দেন বা না দেন, দলমত নির্বিশেষে আমি সবার সেবা করবো। আমি জননেত্রী শেখ হাসিনার দেয়া দায়িত্বগুলো পালনের চেষ্টা করবো। তবে আপনাদের গোটা বিশ্বকে দেখিয়ে দিতে হবে। কারণ সামনে জাতীয় নির্বাচন। এটা উপনির্বাচন বলে হেলাফেলার সুযোগ নেই।
তিনি আরও বলেন. গোটা বিশ্বকে আমরা ঢাকা ১৭ আসনের নির্বাচনের মধ্যদিয়ে দেখিয়ে দিতে চাই, বাংলাদেশের মানুষ ভোট দেয়।’ নির্বাচনি এলাকার উন্নয়নের আশ্বাস দিয়ে নৌকার এ প্রার্থী বলেন, দীর্ঘ ২০ বছরের অধিক সময় ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের কোনো জন প্রতিনিধি ছিলেন না। এর আগে ফারুক সাহেব ছিলেন, তবে তিনি দীর্ঘদিন অসুস্থ থাকায় ১৯ নম্বর ওয়ার্ডের নাগরিক সুবিধাগুলো নিশ্চিত করা সম্ভব হয়নি।