
নিউজ ডেস্কঃ দেশে প্রথমবারের মতো ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপন হতে যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বুধবার (২১ জুন) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এরই মধ্যে ভ্যাকসিন প্ল্যান্ট নির্মাণে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি ডায়াডিক ইন্টারন্যাশনাল এবং এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে এই এমওইউ সই হয়।
এসেনসিয়াল ড্রাগস কোম্পানির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও অধ্যাপক ডা. এহসানুল কবির এবং ডায়াডিক ইন্টারন্যাশনালের পক্ষে প্রতিষ্ঠানটির সিইও মার্ক এমালফেরব সমঝোতা স্মারকে সই করেন। এমওইউ’র আওতায় ডায়াডিক ইন্টারন্যাশনাল এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডে ভ্যাকসিন উৎপাদন, সংরক্ষণ এবং মান নিয়ন্ত্রণে প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেবে।