
নিউজ ডেস্কঃ নারীরা শিক্ষা ও কর্মক্ষেত্রে এগিয়ে গেছে এবং তারা পুরুষের চেয়ে বেশি কাজ করছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২১ জুন) দুপুরে গণভবনে সুইজারল্যান্ড ও কাতার সফর শেষে পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলনে নারীদের কাজ ও আশ্রয়ণ প্রকল্পের বাড়ি নারীদের নামে দেয়ার বিষয়ে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমানে আমাদের ৪৫ শতাংশের বেশি নারী কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করছেন। গ্রামের নারীরাও বিভিন্ন কাজে সময় দিচ্ছেন। নারীরা সংসারেও শ্রম দিচ্ছেন। এটাকে গণ্য করলে নারীরা পিছিয়ে নেই। এতে দেখা যায় নারীরা বেশি কাজ করেন। ঘরও সামলান, চাকরিও করেন। বিভিন্ন কাজও করে যাচ্ছেন। যেক্ষেত্রে পুরুষরা কিন্তু পিছিয়ে রয়েছেন।’
শিক্ষাক্ষেত্রেও নারীরা এগিয়ে গেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, শিক্ষাক্ষেত্রে এখন নারীদের সংখ্যা বেশি। এক্ষেত্রে আমরা যেসব সুযোগ-সুবিধা করে দিয়েছি এতে নারীরা এগিয়ে গেছেন। তারা ভালো রেজাল্ট করছেন, বিভিন্ন বৃত্তির ক্ষেত্রেও তারা বেশি পাচ্ছে।