
নিউজ ডেস্কঃ চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা পরিমার্জিত (সংক্ষিপ্ত) পাঠ্যসূচিতে অনুষ্ঠিত হবে। এরই ধারাবাহিকতায় আগামী বছর (২০২৪ সালে) এইচএসসি ও সমমানের পরীক্ষাও সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার (২০ জুন) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সভায় শিক্ষার বিভিন্ন দফতরের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী জানান, এ বছর যে পাঠ্যসূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা হচ্ছে, আগামী বছরও সেই পাঠ্যসূচিতে এইচএসসি পরীক্ষা হবে। তবে আগামী বছরের এসএসসি পরীক্ষা স্বাভাবিক পাঠ্যসূচিতে হবে। আগে প্রতিবন্ধী শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা দেয়ার নির্দিষ্ট কোনো বয়সসীমা ছিল না; কিন্তু আজকের (মঙ্গলবার) সভায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা দেয়ার সর্বোচ্চ বয়স ২৫ বছর করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর অন্যদের পরীক্ষা দেয়ার সর্বোচ্চ বয়স ২০ বছরই রাখা হয়েছে।