
নিউজ ডেস্কঃ সুষ্ঠু ভোটে হারলেও ফলাফল মেনে নেয়ার ঘোষণা দিয়েছেন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। বুধবার (২১ জুন) সিলেটের শাহজালাল ইসলামিয়া কামিল মাদরাসা কেন্দ্রে ভোট দিয়ে এ ঘোষণা দেন তিনি। এর আগে, সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ, যা চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত। সিসিক নির্বাচনে মোট কেন্দ্র ১৯০টি। এর মধ্যে স্থায়ী মোট ভোটকক্ষ ১ হাজার ৩৬৭টি এবং অস্থায়ী ৯৫টি।
সিসিক নির্বাচনে মেয়র পদে লড়ছেন ৮ জন। এরই মধ্যে নির্বাচন বর্জন করে মাঠ ছেড়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান। এছাড়া দলীয় মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল ও জাকের পার্টির মো. জহিরুল আলম।