
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোস্টগার্ডের জন্য দুটি নবনির্মিত ইনশোর পেট্রোল ভেসেল, দুটি টাগবোট ও একটি ভাসমান ক্রেন উদ্বোধন করবেন। বুধবার (২১ জুন) সকাল ১০টায় গণভবন থেকে পতেঙ্গা জেটিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে নতুন সংযোজিত এসব জাহাজ কমিশনিং বা উদ্বোধন করবেন তিনি। সক্ষমতায় আরও একধাপ এগিয়ে গেল দেশের উপকূলের নিরাপত্তায় নিয়োজিত বাহিনী 'কোস্টগার্ড'। একযোগে ৫টি নতুন আধুনিক নৌযান যুক্ত হচ্ছে এ বাহিনীটিতে। নদীমাতৃক বাংলাদেশের পাশাপাশি সমুদ্র বিজয়ের পর উপকূলীয় নিরাপত্তা ও সুনীল অর্থনৈতিক সম্পদের সুরক্ষায় অগ্রসেনানী হয়ে কাজ করছে বাংলাদেশ কোস্টগার্ড৷ সমুদ্রের সুরক্ষাদাতা এ বাহিনী এখন যুগের সঙ্গে তাল মেলাতে সেজে উঠছে অত্যাধুনিক নৌযান ও সমরাস্ত্রে৷ পরিবর্তিত বাস্তবতায় নৌরুটের প্রতিরক্ষা কার্যক্রমও চ্যালেঞ্জিং হয়ে উঠছে৷
তাই যুগোপযোগী উপকূল রক্ষাবাহিনী হিসেবে বিশ্বমানের সেবাদানে একসঙ্গে ৫টি নৌযান যুক্ত হচ্ছে কোস্টগার্ডে৷ এর মধ্যে রয়েছে দুটি ইনশোর পেট্রোল ভেসেল বা আইপিভি, নারায়ণগঞ্জে তৈরি এই জাহাজগুলোর নাম দেয়া হয়েছে জয় বাংলা আর অপূর্ব বাংলা। খুলনা শিপইয়ার্ডে তৈরি দুটি উচ্চক্ষমতাসম্পন্ন টাগবোট৷ যেগুলো পরিচিত হবে প্রত্যয় এবং প্রমত্তা নামে৷ এ ছাড়া, ভাসমান বা ফ্লোটিং ক্রেন শক্তি যোগ হচ্ছে এ বহরে৷