
নিউজ ডেস্কঃ নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আজাহার অমিত প্রান্তসহ ১২ জনের বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার (২০ জুন) মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী কাজী নাহিদুল ইসলাম। গত বুধবার (১৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে একটি ফলের আড়তে হামলা চালিয়ে নিরাপত্তাবেষ্টনী ভেঙে পাঁচজনকে কুপিয়ে আহত করার ঘটনায় মামলাটি করা হয়। বাদীপক্ষের আইনজীবী কাজী নাহিদুল ইসলাম জানান, মেহেরপাড়া ইউনিয়নের পাঁচদোনা এলাকার ‘আল্লাহর দান’ নামে একটি ফলের আড়তে স্থানীয় চেয়ারম্যানের নির্দেশে একদল কর্মী-সমর্থক হামলা চালিয়ে নিরাপত্তাবেষ্টনী ভেঙে ফেলেন। এ সময় তাদের বাধা দেওয়ায় আড়তটির পাঁচজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। আহত ব্যক্তিরা চিকিৎসা শেষে বিচারের আশায় মাধবদী থানায় মামলা করতে গেলেও চেয়ারম্যানের বিরুদ্ধে পুলিশ মামলা নেয়নি। তাই বাধ্য হয়ে আদালতে মামলা করা হয়।
মামলার আসামিরা হলেন- মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আজাহার অমিত প্রান্ত (২৭) এবং তার কর্মী মেহেদী হাসান (৩০), আশরাফ মিয়া (২৮), রবিন মিয়া (৩০), সাজন মিয়া (২৫), মো. হুমায়ুন (২৮), রাজন মিয়া (৩০), সাদ্দাম হোসেন (২৫), ছাদু মিয়া (২২), ফয়সাল মিয়া (২৮), হুমায়ুন মিয়া (৩০) ও মো. মামুন (২৬)। মামলায় অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, গত সোমবার(১৯ জুন) বিকেলে নরসিংদীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহের নিগারের আদালত ওই অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করেছেন। প্রাথমিক শুনানি শেষে আদালত আসামীদের গ্রেফতারের জন্য মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।