
নিউজ ডেস্কঃ জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিয়ে যাওয়া সরকারের সিদ্ধান্ত। আর নির্বাচন কমিশন সরকারি সিদ্ধান্ত মেনে চলবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. জাহাঙ্গীর আলম। মঙ্গলবার (১৩ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সচিব মো. জাহাঙ্গীর আলম বলেন, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তরের বিষয়ে নির্বাচন কমিশনের কোনো বক্তব্য নেই। রাষ্ট্রের অর্পিত দায়িত্ব যতক্ষণ আছে, ততক্ষণ সে দায়িত্ব নির্বাচন কমিশন পালন করবে।
ইসি সচিব বলেন, নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্বের মধ্যে জাতীয় পরিচয়পত্র দেয়া ছিল না। আইন অনুযায়ী নির্বাচন কমিশনকে রাষ্ট্রের অর্পিত অন্যান্য দায়িত্ব পালনের কথা বলা আছে। এরই ধারাবাহিকতায় ২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ দেয়া হয় নির্বাচন কমিশনকে।