
নিউজ ডেস্কঃ নওগাঁয় র্যাব হেফাজতে ভূমি অফিসের কর্মচারী সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় হওয়া মামলার তদন্ত প্রতিবেদন দ্রুত জমা দিতে তাগিদ দিয়েছেন উচ্চ আদালত। বিষয়টির সংবেদনশীলতার কথা উল্লেখ করে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব-উল-ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বলেন, ‘এটা সেনসিটিভ ম্যাটার। বারবার সময় দেয়া হবে না।’ তদন্ত কমিটিকে প্রতিবেদন দাখিলে বাড়তি দুই মাস সময় দিয়েছেন হাইকোর্ট।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘হাইকোর্টের নির্দেশে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে প্রমাণ সংগ্রহ করেছেন। তবে তদন্ত শেষ করতে কমিটির আরও দুই মাস সময় লাগবে।’ এর আগে গত ৫ এপ্রিল সুলতানা জেসমিনের মৃত্যু তদন্তে মন্ত্রিপরিষদ সচিবকে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দেন হাইকোর্ট।