
নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থলে উভয়পক্ষ অর্ধশতাধিক ককটেল নিক্ষেপ করে। সোমবার (১২ জুন) বেলা ১১টার দিকে জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন নিয়ে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া শহর বাইপাস বিরাসার এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। থেমে থেমে অন্তত আধাঘণ্টা ধরে এই সংঘর্ষ চলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৮ জুন জেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এরপর থেকে বিএনপি কেন্দ্রীয় কমিটির অর্থনীতিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহাবুব শ্যামলের অনুসারী পদবঞ্চিত ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়। এরপর বিএনপির অপর অংশের নেতা কবীর আহমেদ ভূইয়ার অনুসারীদের কান্দিপাড়ার বাসভবনে হামলা ও ভাঙচুর করে।