
নিউজ ডেস্কঃ খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু চলছে। এ দুই সিটিতে সোমবার (১২ জুন) সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ; চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত। এবারই প্রথম খুলনা ও বরিশাল সিটির সব কেন্দ্রে ভোট নেয়া হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। প্রতিটি কেন্দ্রে রয়েছে কড়া নিরাপত্তা বেষ্টনী। এছাড়া সিসি ক্যামেরায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে ভোটগ্রহণ পরিস্থিতি মনিটরিং করছেন কর্মকর্তা।
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচন
খুলনা নগরীর ৩১টি ওয়ার্ডে ২৮৯ ভোটকেন্দ্রের ১ হাজার ৭৩২টি ভোটকক্ষে ভোটগ্রহণ করা হচ্ছে। ভোটকেন্দ্র সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য মোট ২ হাজার ৩১০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এ নির্বাচনে ২৮৯টি ভোটকেন্দ্রে ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নারী ভোটার সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ এবং পুরুষ ভোটার ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন। ভোট শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে।