
স্পোর্টস ডেস্কঃ ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। কিন্তু মার্কিন দেশটি অবকাঠামোর দিক দিয়ে এখনও প্রস্তুত না হওয়ায় গুঞ্জন ছড়িয়েছে যে, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ থেকে সরে যাবে বিশ্বকাপ। তার পরিবর্তে ইংল্যান্ডের নাম আসছিল। কিন্তু বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ থেকে সরছে না ২০২৪ বিশ্বকাপ।
ইংল্যান্ডে বিশ্বকাপ আয়োজনের বিষয়টিকে নাকচ করে দিয়ে আইসিসির এক কর্মকর্তা বলেছেন, ‘২০২৪ সালের ইভেন্টটি জুনে নির্ধারিত হয়েছে এবং অন্য একটি সম্ভাব্য জায়গা হচ্ছে ইংল্যান্ড। কেউ যদি ইংল্যান্ডের কাউকে জিজ্ঞেস করেন যে তারা ২০২৪ সালে এটি আয়োজন করতে পারবে কিনা। পরিষ্কার উত্তর হচ্ছে তারা পারবে না। এমন সম্ভাবনা দেখা যায়নি। আপনি তাদের পরের বছরের সূচি দেখলেই বুঝতে পারবেন।’