
নিউজ ডেস্কঃ চলতি মাসেই নির্ধারিত সময়ে ভারতের আদানি গ্রুপের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ সরবরাহ শুরু হচ্ছে। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, সব ঠিক থাকলে আগামী ২৫ জুন থেকে ঝাড়খণ্ডে অবস্থিত ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্রটির দুই ইউনিট থেকেই বিদ্যুৎ মিলবে। ফলে চলমান সংকটে স্বস্তি দিতে সরবরাহ বাড়বে আরও ৭৫০ থেকে ৮০০ মেগাওয়াট।
ভারতের ঝাড়খণ্ডে আদানি গ্রুপের কয়লাভিত্তিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আমদানি নিয়ে শুরু থেকেই নানা আলোচনা চলছে। তবে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ আর লোডশেডিংময় বর্তমান সংকটে নির্ভরতার অন্যতম কেন্দ্রে আদানির বিদ্যুৎ।গত মার্চ থেকে পরীক্ষামূলকভাবে আর এপ্রিলে বাণিজ্যিকভাবে বাংলাদেশে আদানির বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে বর্তমানে ৭৫০ থেকে ৮০০ মেগাওয়াট হারে বিদ্যুৎ মিলছে। কথা ছিল, অপর ইউনিটের বিদ্যুৎ সরবরাহ জুন থেকে শুরু হবে।বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই আদানির দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ পেতে সঞ্চালন অবকাঠামোসহ যাবতীয় কারিগরি প্রস্তুতি সম্পন্ন হচ্ছে। সব ঠিক থাকলে চলতি মাসের শেষ সপ্তাহেই জাতীয় গ্রিডে আদানির উভয় ইউনিটের বিদ্যুৎ যুক্ত হবে।