
নিউজ ডেস্কঃ চুয়াডাঙ্গার জীবননগরে প্রাইভেটকারের সিটের নিচ থেকে ১৪টি স্বর্ণের বারসহ চার পাচারকারীকে আটক করা হয়েছে। ওই স্বর্ণের বারের দাম দুই কোটি ২৪ লাখ ৭৫ হাজার টাকা বলে জানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বৃহস্পতিবার (৮ জুন) রাতে জীবননগর উপজেলার হাসাদহ বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই স্বর্ণের বারসহ চারজনকে আটক করা হয়। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়। আটক পাচারকারীরা হলেন- নড়াইলের লোহাগড়া উপজেলার বড়দিয়া মঙ্গলপুর গ্রামের জিহাদ মোল্লার ছেলে এবাদুল মোল্লা (২৬), তমসুল মোল্লার ছেলে মাহাবুর হাসান (২৭), ইনসান কাজির ছেলে রিয়াজ কাজি (২১) ও নড়াগাতি উপজেলার খাশিয়ান গ্রামের ইয়ার আলির ছেলে শেখ সোহেল রানা (৩৫)।
বিজিবি- ৫৮ এর পরিচালক মাসুদ পারভেজ রানা বলেন, অবৈধভাবে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল জীবননগর হাসাদাহ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। একটি সাদা রঙের প্রাইভেটকার সীমান্ত এলাকার দিকে যাচ্ছিল। বিজিবি টহল দল সিগন্যাল দিলে প্রাইভেটকারটি দাঁড় করায়। পরে প্রাইভেটকারটি তল্লাশি করে সিটের নিচ থেকে ১৪টি স্বর্ণের বারসহ চারজনকে আটক করে।