
নিউজ ডেস্কঃ মালয়েশিয়ার পুচংয়ের পুলাউ মেরান্তি দ্বীপে অবৈধ বসতি স্থাপনের অভিযোগে বাংলাদেশিসহ অননুমোদিত ২২ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতো রুসলিন বিন জুসোহ বলেন, বিদেশি শ্রমিকরা ১.৬ হেক্টর জমিতে অবৈধ বসতি গড়ে তোলার পাশাপাশি দীর্ঘদিন ধরে সেখানে বিভিন্ন ধরনের সবজি চাষ করে আসছিলেন।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ জুন) ভোরে অভিযান চালিয়ে ওই এলাকায় বসবাসরত বাংলাদেশি ও ইন্দোনেশীয় ২২ অভিবাসীকে আটক করা হয়। তিনি আরও বলেন, বিদেশিরা কয়েক দশক ধরে বিদ্যুৎ সাবস্টেশন গ্রিডের অধীনে চাষাবাদ করে আসছেন এবং তারা স্থানীয়দের কাছ থেকে এ জমি ভাড়া নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।