
নিউজ ডেস্কঃ সড়ক দুর্ঘটনা দিন দিন দেশে একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কোনোভাবেই এটি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সেই সঙ্গে কমছে না সড়কে মৃত্যুর সংখ্যাও। চলতি বছরের মে মাসে সারা দেশে সড়কপথে ছোট-বড় দুর্ঘটনার একটি পরিসংখ্যান গণমাধ্যমে পাঠিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য রোড। সেখানে দেখা গেছে, মে মাসে সব মিলিয়ে সারা দেশে ৫ হাজার ৫০০টি দুর্ঘটনা ঘটেছে। এতে মারা গেছেন ৬৩১ জন এবং আহত হয়েছেন ৬ হাজার ৫৩৬ জন। দেশের আকাশ-সড়ক-রেল ও নৌপথ দুর্ঘটনামুক্ত রাখার লক্ষ্যে দেশের একমাত্র স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানার গণমাধ্যমে পাঠানো এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ১ মে থেকে ৩০ মে পর্যন্ত দেশে এক হাজার ৬২টি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছে এক হাজার ১৮৭ জন এবং নিহত হয়েছে ৫০ জন। একই মাসে এক হাজার ৪৯৬টি ট্রাক দুর্ঘটনায় এক হাজার ৭৫২ আহত এবং ৬২ জন নিহত হয়েছেন।