
নিউজ ডেস্কঃ সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজারে ট্রাক-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪। এ দুর্ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিপূরণের আশ্বাস দেয়া হয়েছে। বুধবার (৭ জুন) সকালে সিলেট-ঢাকা মহাসড়কের নাজিরবাজারের কুতুবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্বজনদের আহাজারিতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তৈরি হয়েছে হৃদয়বিদারক এক দৃশ্য। বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা বলে ধারণা করছে পুলিশ।
জানা গেছে, আলুবাহী একটি ট্রাক মুন্সীগঞ্জ থেকে সিলেটের দিকে যাচ্ছিল। আর অতিরিক্ত নির্মাণ শ্রমিক বহনকারী দ্রুতগতির একটি পিকআপ ওসমানী নগরের তাজপুর যাচ্ছিল। পথে কুতুবপুর এলাকায় পৌঁছালে পিকআপটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১১ জন নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে একজন এবং চিকিৎসাধীন অবস্থায় আরও দুই জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহতরা হাসপাতালে ভর্তি আছেন।