
নিউজ ডেস্কঃ দেশের নিত্যপণ্যের বাজার বেশ কিছু দিন ধরেই অস্থির। যা নাজেহাল করে রেখেছে জনসাধারণকে। বাজারে দ্রব্যমূল্য এত বেশি কেন? এর নেপথ্যের কারণ ক্ষতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৬ জুন) প্রধানমন্ত্রী এবং একনেকের চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হয়। সভাশেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। এসময় দ্রব্যমূল্য বেশি থাকার কারণ ক্ষতিয়ে দেখতে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানান পরিকল্পনামন্ত্রী।
প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে তিনি বলেন, বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারকে ট্রিগারে হাত নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। দাম এদিক সেদিক হলেই হস্তক্ষেপ করতে হবে। সময়মতো বাণিজ্য মন্ত্রণালয় আমদানির অনুমতি দিলে পেঁয়াজের দাম প্রতি কেজি ৯০ টাকা হতো না বলেও মন্তব্য করেন মন্ত্রী। পরিকল্পনামন্ত্রী বলেন, বিদেশি ঋণের প্রকল্পগুলোকে অগ্রাধিকার দিতে বলেছেন প্রধানমন্ত্রী। তাছাড়া বৈশ্বিক প্রেক্ষাপটে সবাইকে মিতব্যয়ী হওয়ার পাশাপাশি অভ্যন্তরীণ উৎপাদনের নির্দেশনা দেয়া হয়েছে।