
নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফ উপজেলায় অপহরণ হওয়া জাহাঙ্গীর আলমের (১৬) বাম হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেরত পাঠিয়েছে অপহরণকারী চক্র।শনিবার (৩ জুন) সন্ধ্যায় ক্যাম্পের কাঁটাতারের পাশের পাহাড়ের পাদদেশে জাহাঙ্গীর আলমের একটি হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলে রাখে। খবর পেয়ে ক্যাম্পের লোকজন তাকে উদ্ধার করে এনজিও হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জাহাঙ্গীর আলম উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালীর ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সামসু আলমের ছেলে। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে জিম্মি থাকা অপর চার জনের মুক্তির জন্য ২০ লাখ টাকা মুক্তিপণ চেয়েছে চক্রটি। এর আগে শুক্রবার (২ জুন) রাতে আলী খালী ক্যাম্প থেকে অপহরণ করা হয় ৫ রোহিঙ্গাকে। তারা হলেন- নূর হোসেনের ছেলে মোহাম্মদ ইউনুস (৩২), একই ক্যাম্পের সামসু আলমের ছেলে জাহাঙ্গীর আলম (১৬), মোহাম্মদ রফিকের ছেলে মোহাম্মদ সুলতান (২৪), আব্দুর রহমানের ছেলে আবদুল্লাহ (১৬) ও মোহাম্মদ সৈয়দের ছেলে আনোয়ার ইসলাম (১৮)।