
নিউজ ডেস্কঃ শব্দদূষণ নিয়ন্ত্রণে সরকার প্রকল্প হাতে নিয়েছে উল্লেখ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিন বলেছেন, ইউরোপ-আমেরিকায় দেখা যায়, যখন কোনো গাড়ি থেকে হর্ন বাজানো হয় তখন অন্যরা জানতে চান কেন হর্ন দেয়া হলো। হর্ন বাজানো গালি দেয়ার মতো। অন্য দেশগুলোতে সেভাবেই এটিকে মনে করে। রোববার (৪ জুন) সচিবালয়ে তথ্য অধিদফতরের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৩ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পরিবেশ উপমন্ত্রী হাবিবুন নাহার, সচিব ড. ফারহিনা আহমেদ, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. আবদুল হামিদও উপস্থিত ছিলেন।
হাইড্রোলিক হর্ন বন্ধ করতেই হবে জানিয়ে পরিবেশ বিষয়কমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের মানুষকে সচেতন করতে হবে। বিশেষ করে হাইড্রোলিক হর্ন বন্ধ করতেই হবে। হাইড্রোলিক হর্নের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, সে জন্য আমরা একটি প্রকল্প গ্রহণ করেছি। যার মাধ্যমে প্রতিটি বিভাগীয় শহরে একটা করে সভা করেছি। পরবর্তীতে জেলা শহরে মসজিদের ইমাম, অন্যান্য উপসানলয়ের পুরোহিতসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও চালকদের নিয়ে সভা করেছি। তারা যাতে হর্ন না বাজায়, সে বিষয়ে উদ্বুদ্ধ করতে চেষ্টা করেছি। আমরা খুবই গুরুত্ব দিয়ে বিষয়টি দেখেছি।’