
নিউজ ডেস্কঃ দাবদাহের কারণে জ্বালানির চাহিদা ব্যাপক বেড়ে গেছে উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আশঙ্কার কিছু নেই। বাঁশখালীতে উৎপাদন শুরু হয়ে গেছে। দুই সপ্তাহের মধ্যে একটা ভালো পরিস্থিতির দিকে যাওয়া সম্ভব হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা আশাবাদী, মোটামুটি গুছিয়ে ফেলেছি।’ রোববার (৪ জুন) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে এসব কথা বলেন তিনি। বেশ কিছুদিন ধরে লোডশেডিং বেড়ে গেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, গ্যাস, কয়লা ও তেলের যোগান দিতে দীর্ঘ সময় লাগছে। এ কারণে লোডশেডিংয়ের জায়গাটা ধীরে ধীরে বড় হচ্ছে। এখন যে সমস্যাটা দেখা দিচ্ছে, সেটা অনেক বড় হয়ে গেছে। আমি জানি, লোডশেডিংয়ের কারণে পরিস্থিতি অনেকটা অসহনীয় হয়ে গেছে।
‘এই সংকটের দ্রুত সমাধানে বিদ্যুৎ বিভাগ থেকে চেষ্টা করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে সমাধান চেষ্টা চলছে, কত দ্রুত পায়রাতে কয়লা নিয়ে আসা যায়। পাওয়ার প্ল্যান্টটি অর্ধেক ক্যাপাসিটিতে চলছে। বড় পুকুরিয়াতে আমাদের পাওয়ার প্ল্যান্টটি অর্ধেক ক্যাপাসিটিতে চলছে। যে কারণে লিক্যুয়েড ফুয়েলের পাওয়ার প্ল্যান্টগুলোও অর্ধেক ক্যাপাসিটিতে চলছে’, যোগ করেন প্রতিমন্ত্রী।