
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, লুটপাট ও দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন বলেই বিএনপি বাজেট নিয়ে বিরূপ মন্তব্য করতে পারে। শনিবার (৩ জুন) বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। কাদের বলেন, এই বাজেট সংকটে ঘুরে দাঁড়ানোর বাজেট। সংকটে পরিস্থিতি সামাল দেয়ার জন্য যেখানে যা করণীয় প্রয়োজন তার সবকিছুই করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
‘এই বাজেট দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করবে। অনেক চিন্তাভাবনা করে এই বাজেট প্রণীত হয়েছে। কৃষিকে বাঁচাতে হবে, খাদ্য উৎপাদন ঠিক রাখতে হবে। কৃষি আছে বলেই বাংলাদেশে এখনও বৈশ্বিক সংকট অনুভূত হচ্ছে না। রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বৈশ্বিক সংকটে পৃথিবীর বিভিন্ন দেশেই দ্রব্যমূল্য আকাশছোঁয়া। অনেক দেশেই পরিস্থিতি খুব খারাপ। সেই তুলনায় বাংলাদেশের অবস্থা অনেক ভালো,’ যোগ করেন সেতুমন্ত্রী।