
নিউজ দেস্কঃ কোনো স্যাংশন (নিষেধাজ্ঞা) দিয়ে বাংলাদেশের উন্নয়ন ব্যাহত করা যাবে না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মুহাম্মদ আব্দুর রাজ্জাক। শুক্রবার (২ জুন) দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার রাণী ভবানী উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পে দেয়া বক্তব্যে তিনি বলেন, ‘যত ধরনের স্যাংশনই দেয়া হোক, তা মোকাবিলা করার মতো যোগ্যতা বাংলাদেশের আছে বলে মনে করি। স্যাংশন নিয়ে আওয়ামী লীগ মোটেই বিচলিত নয়।’
কৃষিমন্ত্রী বলেন, বাজেট বিষয়ে বিএনপির নেতাকর্মীরা গত ১৪ বছর যাবতই বলেন এটা উচ্চাভিলাষী বাজেট, অবাস্তব বাজেট, কল্পনাভিত্তিক বাজেট। প্রতি বছরই আমরা স্মার্ট বাংলাদেশ ও আধুনিক বাংলাদেশ করার লক্ষ্য নিয়ে বাজেট দিয়েছি। সেই লক্ষ্যে অদম্য গতিতে আমরা এগিয়ে যাচ্ছি। বিদেশি বিভিন্ন পত্রপত্রিকা বলে অদম্য বাংলাদেশ। সেই অদম্য বাংলাদেশে অপ্রতিরোধ্য গতি। আমরা উন্নয়নের মহাসড়কে। এই গতিকে আমরা আরও বেগবান করব। এই বাজেটের মাধ্যমে উন্নয়নকে আর গতিময় করব।