
নিউজ ডেস্কঃ ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পরিবহন ও যোগাযোগ খাতে বরাদ্দ বেড়েছে ১৪ হাজার ৬৮৩ কোটি টাকা। বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে উত্থাপিত বাজেটে পরিবহন ও যোগাযোগ খাতে বরাদ্দ অর্থের পরিমাণ ৮৭ হাজার ৬২৯ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবছরে এ খাতে বরাদ্দের পরিমাণ ছিল ৮১ হাজার ৫১৯ কোটি টাকা যা পরবর্তীতে সংশোধন করে কমিয়ে ৭২ হাজার ৯৪৬ কোটি টাকা করা হয়। ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে বরাদ্দ দেয়া হয়েছে ৩৯ হাজার ৭১০ কোটি টাকা। যা সংশোধিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটে ছিল ৩৫ হাজার ২৪৮ কোটি টাকা।
এছাড়া রেলপথ মন্ত্রণালয়ে আগামী অর্থবছরে বরাদ্দের পরিমাণ ১৯ হাজার ১০ কোটি টাকা, যা সংশোধিত ২০২২-২৩ বাজেটে ছিল ১৬ হাজার ৪৭৮ কোটি টাকা। নৌ পরিবহন মন্ত্রণালয়ে ২০২৩-২৪ অর্থবছরে বরাদ্দ দেয়া হয়েছে ১০ হাজার ৮০১ কোটি টাকা। যা সংশোধিত ২০২২-২৩ বাজেটে ছিল ৫ হাজার ৪৭৪ কোটি টাকা।
আর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ২০২৩-২৪ অর্থবছরে বরাদ্দ দেয়া হয়েছে ৬ হাজার ৫৯৬ কোটি টাকা। যা সংশোধিত ২০২২-২৩ বাজেটে ছিল ৫ হাজার ৬২৮ কোটি টাকা। সেতু বিভাগে ২০২৩-২৪ অর্থবছরে বরাদ্দ দেয়া হয়েছে ৯ হাজার ৭৩ কোটি টাকা। যা সংশোধিত ২০২২-২৩ বাজেটে ছিল ৭ হাজার ৭২ কোটি টাকা।