
নিউজ ডেস্কঃ ২০২৩-২৪ অর্থবছরে করমুক্ত আয়ের সীমা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। গত ৩ বছর করমুক্ত আয়সীমা অপরিবর্তিত থাকলেও, এবারের বাজেটে এ সীমা ৫০ হাজার টাকা বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট প্রস্তাবনায় এ প্রস্তাব করেন তিনি। প্রস্তাবিত বাজেটে নারী ও ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতাদের করমুক্ত আয়সীমা সাড়ে ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে।
আর সাধারণ করদাতাদের ক্ষেত্রে, মূল্যস্ফীতির কারণে করদাতাদের বিষয় বিবেচনায় করমুক্ত আয়কর সীমা ৩ লাখ টাকা থেকে ৫০ হাজার টাকা বাড়িয়ে সাড়ে ৩ লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে। এদিকে, প্রতিবন্ধীদের করমুক্ত আয়সীমা সাড়ে ৪ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ ৭৫ হাজার টাকা করারও প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। একইসঙ্গে কোনো প্রতিবন্ধীর মা-বাবা বা আইনানুগ অভিভাবকের ক্ষেত্রে প্রত্যেক সন্তান বা পোষ্যের জন্য করমুক্ত আয়সীমা ৫০ হাজার টাকা করার কথাও বলা হয়েছে। এছাড়াও প্রস্তাবে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের করমুক্ত আয়ের সীমা ৪ লাখ ৭৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা, তৃতীয় লিঙ্গের করদাতাদের সাড়ে ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ ৭৫ হাজার টাকা করমুক্ত আয়সীমা করার প্রস্তাব করা হয়।