
নিউজ ডেস্কঃ কৃষক ও উদ্যোক্তারা যাতে উৎপাদিত পণ্য যথাযথভাবে এবং সঠিক মূল্যে বিক্রি করতে পারে সে লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানান কৃষিমন্ত্রী ড. মুহাম্মদ আব্দুর রাজ্জাক। তবে কৃষির আধুনিকায়নে বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণা করাও জরুরি বলে উল্লেখ করেন তিনি। বুধবার (৩১ মে) দুপুরে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ও ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার (ইউডব্লিউএ) যৌথ উদ্যোগে এগ্রিবিজনেস সেন্টার অব এক্সিলেন্স-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন কৃষিমন্ত্রী।
ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ইনস্টিটিউট অব এগ্রিকালচারের সহযোগিতায় এনএসইউ'র স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের অর্থনীতি বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে। এনএসইউ’র উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. মুহাম্মদ আব্দুর রাজ্জাক। এতে এনএসইউর বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইয়াসমিন কামালও উপস্থিত ছিলেন ।নতুন কেন্দ্রটির লক্ষ্য কৃষি ব্যবসা গবেষণায় শ্রেষ্ঠত্ব অর্জন এবং এর ফলাফলগুলোকে ব্যবহারিক কাজে লাগানো।