
নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের ডিপিপি তৈরি হয়েছে। সেটি মূল্যায়ন চলছে। ডিপিপি একনেকে উঠলেই এটি চূড়ান্ত রূপ পাবে। খুব শিগগিরই ডিপিপি একনেকে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বুধবার (৩১ মে) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারি বাড়িতে সিআরআই ও ইয়াং বাংলা উদ্যোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতির কারণে দেশের বাইরে পড়তে যাওয়া শিক্ষার্থীদের কোনো সমস্যা হবে না। তবে যারা ঘোষণা দিয়ে নির্বাচন বয়কট করে, নির্বাচন প্রতিহতের নামে দেশের মানুষের সাধারণ জীবনে জানমালের ক্ষতি করে তাদের থেকে সাবধান থাকার আহ্বান জানান তিনি। এ সময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ আজম, সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিনসহ সিআরআই ও ইয়াং বাংলার সদস্যরা।